নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে এই অভিযান চালানো হয়।
নড়াইল সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ইতনা পশ্চিমপাড়া গ্রামের শিকদার লিমন ও তার ভাই শিকদার রিয়াজ সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনী। ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ লিমনের বাড়িতে তল্লাশি চালায়।
অভিযান চলাকালে লিমনের বসতবাড়ির বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭২.৬২ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে লিমনের ব্যবহৃত তিনটি পাসপোর্টও জব্দ করেছে যৌথবাহিনী।
গ্রেফতারকৃত লিমন ইতনা গ্রামের শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তবে অভিযানের সময় লিমনের আপন ভাই ও সহযোগী শিকদার রিয়াজ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানায়, লিমন দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি রিয়াজকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





















