যশোরে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে অপহরণ এবং তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সকালে গাজীপুর থেকে ঘটনার মূলহোতা সুপ্ত নিকোলাস মন্ডলকে আটক করা হয়। এ সময় অপহৃত ১৫ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিকোলাস মন্ডল ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মন্ডল পরিবারের সদস্য। তিনি বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন—শংকরপুর বাস টার্মিনাল এলাকার এম. এম. শাহারুজ্জামান এবং কেশবপুর উপজেলার রিপন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, গত ১৫ জানুয়ারি সকালে ওই কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
ওসি আরও জানান, আটক চক্রটি কিশোরীকে বাড়ি থেকে স্বর্ণের গহনা নিয়ে আসতে বাধ্য করে এবং পরে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অভিযানে গোপালগঞ্জ থেকে প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার ও গহনা বিক্রির নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগ, নিকোলাস মন্ডল প্রথমে তার মেয়েকে ব্ল্যাকমেইল করে এবং পরে প্রেমের ফাঁদে ফেলে তার মাধ্যমে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।





















