চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও ধারালো চাকু নিয়ে হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি আহত হন বলে জানা গেছে।
চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাবেক এনসিপি প্রার্থী হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বলেন, “আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা হামলা চালিয়েছে। এই ঘটনা আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না।”
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, খবর পেয়ে রাতেই তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।





















