গুম ও খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আগামীতেও করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ফ্যাসিবাদী আমলে নির্যাতন, নিপীড়ন, গুম ও খুনের শিকার হওয়া নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবুও এসব নির্যাতনের মাঝেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, কেউ কেউ নানা অজুহাত ও ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।





















