যশোর শহরের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক অপরাধের হোতা আলামিন (২৮)–কে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আটক আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা এবং মৃত রইচ উদ্দিনের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি আরও জানান, চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলামিন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















