পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সারগোধা শহরের খুশাব এলাকার কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাত্রা করা একটি ট্রাক ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়।
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে জরুরি কল পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত ৯ জনকে উদ্ধার করে খুশাবের টিএইচকিউ ও ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
উদ্ধারকারীরা জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আহতদের ভাষ্যমতে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব শহরের দিকে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।





















