গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পৃথক দুটি ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এসব আগুনের ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৩টার দিকে কোনাবাড়ীর নীলনগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যানে আগুন লাগে। কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালপত্র নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি। নীলনগরে নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে পৌঁছালে ভ্যানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
অপরদিকে, একই দিন বিকেল সোয়া ৩টার দিকে কোনাবাড়ীর পারিজাত মেডিটেক্স কারখানার সামনে একটি সেমিপাকা টিনশেড বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম কালবেলাকে জানান, পারিজাত এলাকায় বসতবাড়ির আগুন প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।





















