জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের কূটনৈতিক মিশন সব রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে কাজ করে। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎও এই প্রেক্ষাপটেই দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দুজন ভারতীয় কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে ওই কূটনীতিকরা তাঁদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।





















