আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সূত্রে জানা গেছে, সাবিরা নাজমুল মুন্নী তার প্রয়াত স্বামী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলামের ব্যাংক ঋণের ‘গ্যারান্টার’ ছিলেন। ওই ঋণ যথাসময়ে পরিশোধ না হওয়ায় তাকে ঋণখেলাপি হিসেবে গণ্য করে প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়।:
যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি নেতা জহরুল ইসলাম, সাবিরা সুলতানার মনোনয়নপত্র গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করেছিলেন। দীর্ঘ শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে নির্বাচন কমিশন মুন্নীর প্রার্থিতা স্থগিতের চূড়ান্ত রায় প্রদান করে।:
২০১১ সালে স্বামী নাজমুল ইসলাম অপহৃত ও নিহত হওয়ার পর রাজনীতিতে পা রাখেন সাবিরা সুলতানা মুন্নী। বর্তমানে তিনি যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে ঘিরে এলাকায় ব্যাপক প্রচারণা চললেও এই আইনি জটিলতায় তার নির্বাচনে অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে।





















