যশোরে নেশার টাকার জন্য জন্মদাত্রী মায়ের ওপর মাদকাসক্ত ছেলের বর্বরোচিত
যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকায় মাদকাসক্ত ছেলের নির্মম পিটুনিতে গুরুতর আহত হয়েছেন লায়লা পারভীন নামে এক নারী। নেশার টাকা না পেয়ে নিজের মা ও বোনকে লাঞ্ছিত করার এই ঘটনায় অভিযুক্ত ছেলে সায়েম রেজার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়েম রেজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে মা ও বোনকে নির্যাতন করত। গত ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১১টার দিকে সায়েম তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে মা ও বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে সায়েম বাঁশের লাঠি দিয়ে তার মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। লাঠির আঘাতে লায়লা পারভীনের ডান চোখের পাশে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত জখম হন। এ সময় বোন জান্নাতী তাজরী মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত সায়েম রেজা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লায়লা পারভীনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে ভুক্তভোগী মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত সায়েম রেজাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে





















