যশোরের শার্শা উপজেলার নাভারনে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “দেশ ও জাতির প্রতিটি সংকটে দেশনেত্রীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা দেশনেত্রীর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





















