যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের আসাদ হলে এক শিক্ষার্থীকে কক্ষে ঢুকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় হলের ২০৮ নম্বর কক্ষে এই হামলার ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম (২১) কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে অবস্থান করছিলেন রবিউল। এসময় মিকাইল (২০) নামে এক যুবক তার ৫-৭ জন সহযোগীকে নিয়ে হঠাৎ সেখানে হানা দেয়। তারা স্টিলের লাঠি দিয়ে রবিউলের মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন।
সহপাঠীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত থাকলেও রবিউল এখন আশঙ্কামুক্ত।
হামলায় অভিযুক্ত মিকাইল যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে ঠিক কী কারণে বা কোন পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
আহত রবিউল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সাধারণ শিক্ষার্থীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই আসাদ হলটি সাধারণ ছাত্রদের পরিবর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দখলে ছিল। তখন হলটি ছিল নানা অপকর্ম ও নাশকতার কেন্দ্রবিন্দু। ৫ আগস্ট পরবর্তী সময়ে হলটি সন্ত্রাসমুক্ত হলেও আবারও বহিরাগত বা চিহ্নিত যুবকদের এমন হামলায় সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকানো এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
এম এম কলেজের আসাদ হলে ছাত্রকে পিটিয়ে জখম
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ৬৮০
সর্বাধিক পঠিত





















