যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান শুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ডিবি পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে মিশুককে আটক করা হয়। তিনি ওই এলাকার চিরুনি কল সংলগ্ন মালতী চক্রবর্তীর ছেলে। ডিবির এসআই অলক কুমার দে (পিপিএম) জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান চালানো হয়।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিশুক জানান, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ‘জামাই’ পরশ এবং তার সহযোগী সাগর। তাদের নির্দেশেই তিনি আলমগীর হোসেনের ওপর গুলি চালিয়েছিলেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩ জানুয়ারি রাতে যশোরে নিজ এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বিএনপি নেতা আলমগীর হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে ডিবি পুলিশ মূল ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়
পুলিশ সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মিশুককে বর্তমানে যশোর কারাগারে রাখা হয়েছে।





















