যশোরের মণিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিমুল হোসেন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিমুল মণিরামপুর উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন শিমুল। পরে নিজের মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যান। ফেরার পথে যশোর-চুকনগর সড়কের ফকিরের রাস্তা নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে শিমুলের মৃত্যু হয়।
মণিরামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নিহতের চাচা বিল্লাল হোসেন এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, এই দুর্ঘটনা বা নিহতের বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি।
মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ল
শিরোনাম: বন্ধুদের সাথে শেষ ঘোরা হলো শিমুলের!





















