যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে শুক্রবার সকালে ঈগল পরিবহনের একটি পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, সকাল বেলায় ঘন কুয়াশার মধ্যেও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে যশোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের খবর পেয়ে ঈগল পরিবহনের সত্ত্বাধিকারী বাবু পবিত্র কাপুড়িয়া ও রাজু কাপুড়িয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
ক্ষতির পরিমাণ সম্পর্কে বসুন্দিয়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার নিত্যানন্দ দেবনাথ জানান, গুদামে তিন ট্রাক পাট ও তিন ট্রাক ধান মজুত ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। দুর্ভাগ্যবশত, আগুন ও পানির কারণে অধিকাংশ পণ্য নষ্ট হয়ে গেছে।
যশোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের ঘর-বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়।





















