যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মনু মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত মনু মোল্লা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাহাদুরপুর গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে মনু মোল্লার সঙ্গে একই গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে গিয়াস উদ্দিনের (৪৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে গিয়াস উদ্দিন কৌশলে মনু মোল্লাকে তার নিজ বাড়ি থেকে ডেকে বের করেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে কোপ মারলে তার বাম হাতের কব্জির ওপরে গুরুতর জখম হয়।
আহত মনু মোল্লাকে প্রথমে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। সকাল ৯টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
পূর্ব শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করছে আহতের পরিবার। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৬৭১
সর্বাধিক পঠিত





















