বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকাসহ সারা দেশের সকল মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে এই দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ দেড় যুগ প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেন। সেখানে লক্ষাধিক নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং দীর্ঘ সময় তার পাশে অবস্থান করেন। এরপর তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে শুক্রবার থেকেই পুরোদমে রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান:
*
শুক্রবার (জুমার পর): শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
শনিবার: আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন।
শনিবার (দুপুর): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার এবং ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত।
শনিবার (বিকেল): পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়া এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।
১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৬৭৪
সর্বাধিক পঠিত





















