লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ তাঁর বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছিল বেলালের সাত বছরের শিশুসন্তান আয়েশা আক্তার।
নিহত সালমা আক্তার স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের বড় মেয়ে। গত ১৯ ডিসেম্বর গভীর রাতে চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলালের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। অভিযোগ রয়েছে, বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল।
ওই রাতে আগুনে পুড়ে আয়েশা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ হন বেলাল হোসেন এবং তাঁর দুই মেয়ে স্মৃতি ও বিথি। স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছিল; চিকিৎসকদের মতে, তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই কলেজপড়ুয়া তরুণী।
এই ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে, যার মধ্যে দুটি ছিল লক করা। তবে পুলিশ জানিয়েছে, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সুনির্দিষ্ট আলামত এখনো পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গণমাধ্যমকে জানান, “আগুনে পুড়ে আয়েশার পর এখন চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছেন। নিহতের বাবা মামলা করেছেন এবং পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”
একই ঘটনায় পরিবারের দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন। এলাকায় এ ঘটনায় চরম ক্ষোভ ও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন: ছোট বোনের পর মারা গেল কলেজছাত্রী স্মৃতিও
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৬৭৯
সর্বাধিক পঠিত





















