যশোর যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোর ক্যান্টনমেন্ট কলেজ ও দাউদ পাবলিক স্কুলের সাবেক শিক্ষক (প্রদর্শক, রসায়ন) মোঃ মিজানুর রহমান আর নেই। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল রাতে তিনি না ফেরার দেশে চলে যান।
শিক্ষকতা জীবনে মোঃ মিজানুর রহমান ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও বিনয়ী ব্যক্তিত্ব। তিনি তাঁর সুদীর্ঘ কর্মজীবনে যশোর ক্যান্টনমেন্ট কলেজ এবং দাউদ পাবলিক স্কুলে রসায়ন বিভাগের প্রদর্শক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর পাঠদান ও আদর্শিক জীবন থেকে জ্ঞান অর্জন করেছেন হাজার হাজার শিক্ষার্থী, যারা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত। প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য শ্রদ্ধেয় শিক্ষক।
মরহুমের মরদেহ ঢাকা থেকে যশোরে পৌঁছানোর পর আজ বৃহস্পতিবার জোহর নামাজ শেষে উপশহর ডি-ব্লক মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে যশোর শিক্ষা বোর্ড, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





















