যশোর জেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় পরলোকগমন করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের বেজপাড়া এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অশোক কুমার রায় ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের পাশাপাশি তিনি যশোরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পেশাগত জীবনে তিনি শহরের লালদীঘি পাড়স্থ ‘পূবালী প্রিন্টিং প্রেস’-এর স্বত্বাধিকারী ছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী ও সদালাপী এই ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলের কাছে সমানভাবে সমাদৃত ও জনপ্রিয় ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। জেলা জাসদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শেষবারের মতো তাকে দেখতে বেজপাড়ার বাসভবনে ভিড় করেন।
আজ শনিবার বেলা ১১টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাসভবনের সামনে রাখা হবে।: শ্রদ্ধা নিবেদন শেষে সুধীর বাবুর কাঠগোলা এলাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হবে।
রাষ্ট্রীয় সম্মাননা শেষে নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
যশোরের প্রগতিশীল রাজনীতির এই অভিভাবকের প্রয়াণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।





















