ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তের একটি বাড়িতে এনে রাখা এক নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের কুলিয়াডাঙ্গা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়।
বিজিবির হাতে আটক দুই মানবপাচারকারী হলো, কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আবুল কালাম (৭৪) এবং আবুল কালামের ছেলে ইমরান হোসেন (২৩)।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নারীকে ভারতে পাচার করা হবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কুলিয়াডাঙ্গা গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে সেতু আক্তার (২৬) নামের ওই নারীকে উদ্ধার করা হয়। সেতু আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেকের মেয়ে।
উদ্ধারকৃত নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে বাড়িতে রাখার অভিযোগে বাড়ির মালিক আবুল কালাম ও তার ছেলে ইমরান হোসেনকে হাতেনাতে আটক করে বিজিবি।
জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, মানবপাচারকারী আবুল কালাম, তার ছেলে ইমরান হোসেন এবং চক্রের আরও ১৫ জন পলাতক আসামির সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় বাড়িতে এনে রাখে।
উদ্ধারকৃত নারী এবং আটক দুই আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মানব পাচারের সাথে জড়িত পলাতক ১৫ জন আসামির নাম উল্লেখ করে আটক বাবা-ছেলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম:
ভারতে পাচারের জন্য বাড়িতে এনে রাখা নারী উদ্ধার, সাতক্ষীরায় বাবা-ছেলে আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- ৫৪৩
সর্বাধিক পঠিত




















