যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর মোশারফের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় তিনি আহত কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আলোকিত নারী সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক।
তিনি জানান, কিছুদিন আগে বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের রবিউলের ছেলে মোশারফ একজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রাকের চাপায় তার একটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল।
বিষয়টি জানতে পেরে মোস্তাফিজ্জোহা সেলিম স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে আহত মোশারফকে দেখতে যান। এ সময় তিনি কিশোরের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইস্তেহাক আহম্মেদ শাওন এবং যুবদল নেতা উজ্জ্বল হোসেন ও শামসুজ্জামান শামি।
উপস্থিত নেতারা আহত কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।
মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।
এ সময় পৌর যুবদলের নেতারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।




















