নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া যশোরের বাঘারপাড়ার যুবক হাবিবুর রহমান (২৫) মারা গেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে যশোরে ফেরার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তিরা হাবিবুর রহমানকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে। ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ অবস্থায় রোববার তাঁকে ঢাকায় থেকে যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনার পথে দুপুর আনুমানিক দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাবিবুরের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে কারা এবং কী কারণে হাবিবুর রহমানকে মারধর করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্টদের তদন্তের অপেক্ষায় রয়েছে পরিবার।















