জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হন। এ সময় তাঁরা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে পায়ে হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে।
শোভাযাত্রায় তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।




















