দেশে মাছের চাহিদা পূরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাগুরা প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্টে রেইনবো লাইভ সায়েন্সের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত মাছচাষি ও খামারিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, লাভজনক মাছ চাষের জন্য শুরু থেকেই পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে উপযুক্ত স্থান নির্বাচন, মানসম্মত পোনা সংগ্রহ, নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে মাছ আহরণ, মানসম্মত খাবার সরবরাহ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনার পাশাপাশি সঠিকভাবে মাছ বাজারজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় জানানো হয়, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১০০ শতাংশ আয়তনের জলাশয়ে প্রায় ৩ টন মাছ উৎপাদন করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইনবো লাইভ সায়েন্সের চেয়ারম্যান বিকাশ চন্দ্র সাহা। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাকিবুল ইসলাম।




















