জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার আমৃত্যু কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনাল প্রথমে সংক্ষিপ্ত রায় পাঠ করেন। পরে আসামিদের সাজা ঘোষণা করা হয়। মামলার চার আসামিই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন আমির হোসেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দমনে হানিফের উসকানি, প্ররোচনা ও সহায়তার অভিযোগ আনা হয়। এ ছাড়া কুষ্টিয়ায় আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়া এবং ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনায় চার নেতার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রাষ্ট্রপক্ষ মোট তিনটি অভিযোগ উপস্থাপন করে। গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক এবং পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের একাধিক প্রসিকিউটর উপস্থিত ছিলেন।




















