সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এশিয়ান মিডিয়া লিডার্স সামিটে অংশ নিচ্ছেন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের শীর্ষ নির্বাহী, সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম জানানো হয়েছে।
বিশ্বব্যাপী সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স (ওয়ান-ইফরা)-এর আয়োজনে আগামী ২৬ ও ২৭ অক্টোবর সিঙ্গাপুরে সম্মেলনটির মূল পর্ব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশের গণমাধ্যমের প্রতিনিধি ও সংবাদমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছাতে শুরু করেছেন।
মূল সম্মেলনের আগে গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে মানসিক স্বাস্থ্য ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনের কর্মশালা। এতে বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রধান, সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো, লেবানন, তিউনিশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে, কাজাখস্তান, কিরগিজস্তান, মিয়ানমার ও জর্ডানসহ আরও কয়েকটি দেশ। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি ও যশোরের দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
কর্মশালার প্রথম দিনে আলোচক হিসেবে বক্তব্য দেন লাটভিয়ার তারাস ইভা সেনকো। এদিন সংবাদকর্মীদের পেশাগত জীবনে দীর্ঘস্থায়ী মানসিক চাপ, সহিংসতা ও আঘাতমূলক ঘটনার সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মানসিক প্রভাব, নিরাপত্তাঝুঁকি, হয়রানি এবং প্রতিকূল কর্মপরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংবাদমাধ্যমের নেতৃত্বের দায়িত্ব, সংবাদকর্মীদের মানসিক সুস্থতা রক্ষা এবং সংকটময় পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা নিয়েও আলোচনা হয়।
আন্তর্জাতিক এ আয়োজন এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম নেতৃত্বের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংবাদমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি করছে।
সম্মেলনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে যশোরের দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনের অংশগ্রহণ স্থানীয় গণমাধ্যম অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের অভিজ্ঞতা, নেতৃত্বের চর্চা এবং সাংবাদিকদের পেশাগত ও মানসিক সুরক্ষা নিয়ে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
আগামী ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য মূল সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন। সেখানে গণমাধ্যমের ভবিষ্যৎ, নেতৃত্বের চ্যালেঞ্জ এবং পরিবর্তিত সংবাদপরিবেশে সংবাদ প্রকাশকদের ভূমিকার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।





















