যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৭০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















