চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সেলিম সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
৫৮ বিজিবির গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারি হিসেবে সেলিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক সেলিমকে জীবননগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।




















