মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হাবেল শেখ (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে (৪০) আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত হাবেল শেখ ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হাবেল শেখ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর ছেলে সাহাবুল ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলায় বৃদ্ধের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে জমিজমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। রোববার (১১ অক্টোবর) হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের মধ্যকার বিরোধ চূড়ান্ত রূপ নেয়।
ঘটনার পরপরই মেহেরপুর সদর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাহাবুল বাবার সঙ্গে সম্পদ নিয়ে বিরোধের কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, বাবা তাঁকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছিলেন। সকালে নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে ক্ষোভে তিনি এই হত্যাকাণ্ড ঘটান বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র শোক ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম:
মেহেরপুরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, আটক ১
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ৫০৯
সর্বাধিক পঠিত




















