এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। টানা দুই দিন এই কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।
ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে। ফলে এ দুই দিন গ্রাহকদের এলপিজি সিলিন্ডার সংগ্রহে ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।
তবে সরকার নির্ধারিত দামে বাজারে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিনের দোকান বন্ধের কর্মসূচি ঘোষণা করল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।




















