যশোর শহরের খড়কি হাজাম পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি লাদেনকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খড়কি হাজাম পাড়ায় নিজ বাড়ি থেকে ২৬ বছর বয়সী লাদেনকে আটক করা হয়। তিনি একই এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাতে খড়কি হাজাম পাড়ার বিএনপি অফিসসংলগ্ন মেহেদী হাসানের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫ অক্টোবর খড়কি দক্ষিণ পাড়ার বাসিন্দা ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় লাদেনসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—সানি, সাকিব ও তৌফিক।
মামলা দায়েরের পর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে লাদেনকে আটক করে। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।





















