বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ও বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান সনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে সাহিদুল ইসলাম শাহীন বলেন, সম্প্রতি ‘অবিচল সত্যের পথে’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে আতিকুজ্জামান সনিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন এবং বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সখ্য ছিল—এমন অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, আতিকুজ্জামান সনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদল ও যুবদলের শার্শা ও বেনাপোলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাহিদুল ইসলাম শাহীন দাবি করেন, সনি বেনাপোলের একজন পরিচিত সিএন্ডএফ ব্যবসায়ী এবং ট্রাক মালিক সমিতির নির্বাচিত সভাপতি। ব্যবসা ও পরিবহন কার্যক্রম পরিচালনার স্বার্থে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা প্রয়োজন হয়। এ ধরনের দাপ্তরিক যোগাযোগকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সখ্য হিসেবে প্রচার করা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন রসিদ প্রসঙ্গেও বিবৃতিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ট্রাক মালিক সমিতি কিংবা পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের ফি, টোল ও অন্যান্য আর্থিক সিদ্ধান্ত সাধারণত সংগঠনের কমিটির সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হয়। ফলে এসব যৌথ সিদ্ধান্তকে ব্যক্তির বিরুদ্ধে ‘চাঁদাবাজি’ হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আরও দাবি করা হয়, বেনাপোল স্থলবন্দরের শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট এবং একজন বিএনপি নেতা ও ব্যবসায়ীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এসব অপপ্রচার চালাচ্ছে।
এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য বেনাপোলের বাসিন্দা, ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বেনাপোলে শান্তিপূর্ণ পরিবেশ ও ব্যবসাবান্ধব পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।




















