বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বেনজীন খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় আটক শাকিল ওরফে ‘চোর শাকিলকে’ এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার সন্ধ্যায় সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল যশোর শহরের খড়কি সার্কিট হাউসপাড়া এলাকার বাসিন্দা।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার অভিযোগের শুনানি শেষে শাকিলকে দোষী সাব্যস্ত করা হয়। পরে বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সার্কিট হাউসপাড়ায় সাংবাদিক বেনজীন খানের বাড়ির পাশের সরকারি শিক্ষা অধিদপ্তরের ভবন থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে শাকিলকে নৈশপ্রহরী ও স্থানীয় কয়েকজন আটক করেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে একই দিন গভীর রাতে শাকিল প্রাচ্যসংঘের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যান।
এরপর ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাকিলকে লোহার রড নিয়ে সাংবাদিক বেনজীন খানের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় প্রাচ্যসংঘ ক্যাম্পাসে উপস্থিত লোকজন তাকে আটক করে আগের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি কৌশলে প্রাচীর টপকে সেখান থেকে পালিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, ওই রাতেই শাকিল প্রাচ্যসংঘের ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ সময় শাকিলের নিক্ষেপ করা ইটের আঘাতে সাংবাদিক বেনজীন খান আহত হন বলেও অভিযোগ রয়েছে। পরে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার পর শুক্রবার পুলিশ শাকিলকে আটক করে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি রোববার শুনানির দিন ধার্য করেন।
রোববার অভিযোগের শুনানি শেষে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম শাকিলকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।





















