যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো যাচাই করবে অনুসন্ধানকারী দল। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন ও অন্যান্য তথ্য পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যক্তিদের বক্তব্য নেওয়া হতে পারে।
দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য কমিশনের কাছে উপস্থাপন করা হবে।
তবে অনুসন্ধানের এ পর্যায়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত হয়নি। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।




















