জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে বিভিন্ন সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতে ইসলামীর অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও একটি বিশেষ কমিটি থেকে গাজী নজরুল ইসলামের সদস্যপদ বাতিল করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের আগে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একজন সদস্যের পরিবর্তে নতুন একজনকে কমিটিতে যুক্ত করা হচ্ছে। পরে গাজী নজরুল ইসলামের জায়গায় জামায়াতের সংসদ সদস্য আবদুল ওয়ারেছকে সদস্য করা হয়।
একই কমিটিতে এনসিপির আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে যুক্ত করা হয়েছে। বিরোধী দলের প্রতিনিধি হিসেবে রোকেয়া বেগমও কমিটিতে রয়েছেন। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে বহাল রয়েছেন মনিরুল হক চৌধুরী।
এদিকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আগের সভাপতি আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। পরে ওই পদে জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বরিশাল-১ আসনের সংসদ সদস্য। মন্ত্রিসভা থেকে সরিয়ে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
পুনর্গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলামকে সদস্য রাখা হয়েছে।
অন্যদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
এ কমিটির আগের সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। এরপর নওশাদ জমিরকে সভাপতি করে কমিটি পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফকে সদস্য করা হয়েছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।
এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদীয় কমিটির সদস্যপদও বাতিল হলো।




















