যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু (৫০)–কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান পিন্টু কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান পিন্টুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, বেনাপোল পৌরসভার কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযানও জোরদার করা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমান পিন্টুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




















