যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—যশোরের মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, খুলনা থেকে যশোরের দিকে আসা রূপসা পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন। পরে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।





















