প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাজধানীর মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে।
জানা যায়, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। অভিযোগ অনুযায়ী, পোস্টটিতে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ঘটনার পর বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিষয়ে মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং ওই পোস্ট জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গাজী বলেন, “এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।




















