দেশে টানা অতিবৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।
বন্দরের প্রয়োজনীয় কাস্টমস ও আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার পর একই দিন সন্ধ্যায় আমদানিকৃত কাঁচা মরিচের চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ এবং পণ্য খালাস কার্যক্রমে সহযোগিতা করে শিমু শিপিং লাইন্স।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, কাঁচা মরিচবাহী ট্রাকটি বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে কাগজপত্র যাচাই ও খালাস কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যাতে দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, ভারতের সীমান্তে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক শাহাজান বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তাদের মোট ব্যয় হয়েছে প্রায় ১৩৫ টাকা। তিনি জানান, অল্প লাভে বাজারে মরিচ বিক্রি করা হবে, যাতে ভোক্তারা কিছুটা স্বস্তি পান। তাঁর আশা, আমদানির পরিমাণ বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং কাঁচা মরিচের দাম দ্রুত স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
তবে তিনি অভিযোগ করেন, কাস্টমসের বিভিন্ন জটিলতা ও পণ্য ছাড়করণে হয়রানির কারণে অতিরিক্ত রাজস্ব ও নানা খরচ বহন করতে হচ্ছে। এতে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে এবং অনেক আমদানিকারক লোকসানের ঝুঁকিতে পড়ছেন।
এদিকে, আমদানির প্রভাব ইতোমধ্যে বেনাপোলের স্থানীয় কাঁচাবাজারে পড়তে শুরু করেছে। সোমবার সেখানে কেজিপ্রতি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ী ও বিক্রেতাদের আশা, আগামী কয়েক দিনের মধ্যে আরও চালান দেশে পৌঁছালে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।





















