যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। কয়েকদিনের দরপতনের পর আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।
মঙ্গলবার (৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৩৯ ডলারে। এর আগে টানা মূল্যহ্রাসের ফলে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০.৯৫ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে। আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমেছিল।
এদিকে, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে। তবে ট্রাম্পের এ বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।
ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।
এ অবস্থায় ট্রাম্প আবারও বলেন, “আমরা এখনই কথা বলছি।” তিনি আরও দাবি করেন, ইরানের জন্য একটি সমঝোতায় পৌঁছানোর এটিই শেষ সুযোগ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অনিশ্চয়তা আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে।





















