:প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দাবি করেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া ফটোকার্ড ও ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনব্যবস্থার অবসানের পর দেশের মানুষ এখন আর আন্দোলন-সংগ্রামের রাজনীতি দেখতে চায় না। তাঁর ভাষায়, বর্তমান সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি প্রশ্ন তুলে বলেন, “ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর দেশ ও রাষ্ট্র পরিচালনা করবে কে? এই মুহূর্তের ভূরাজনৈতিক সংকটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-রও সমালোচনা করেন নুর। তিনি অভিযোগ করেন, এনসিপি বর্তমানে দেশের রাজনীতিতে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে। তাঁর দাবি, দলটি নিজেদের শক্তিতে রাজনীতি করছে না; বরং একটি বিদেশি গোষ্ঠীর প্রভাব নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এনসিপির কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে। অন্যথায় দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।





















