যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ার আসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধ বাবা। জুয়ার টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর, মাকে মারধর এবং ঘরে রাখা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ছেলে আজিম উদ্দিনের (২৩) বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা তরিকুল ইসলাম (৬০)।
রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার এজাহারে তরিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি একজন দিনমজুর। তার ছেলে আজিম উদ্দিন কোনো কাজকর্ম করেন না। বেশ কিছুদিন ধরে তিনি ঘরের দরজা বন্ধ করে সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। পরে খোঁজ নিয়ে তিনি ও তার স্ত্রী বিউটি বেগম জানতে পারেন, আজিম অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি তিনি পর্নোগ্রাফিতেও আসক্ত বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জুয়ার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।
গত ১৫ জুলাই বিকেলে আবারও টাকা দাবি করলে তা না দেওয়ায় আজিম ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি তার মা বিউটি বেগমকে গালিগালাজ ও মারধর করেন। পরে ঘরের একটি বাক্সে রাখা পাঁচ হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরিবারের নিরাপত্তা ও নির্যাতনের প্রতিকার চেয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা তরিকুল ইসলাম। অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।





















