রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষে জড়িত কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে আহতদের সহপাঠীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















