যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্নি (২০) নামে এক তরুণীকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভবনের ৪ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আড়িছোন বেগম যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আতিয়ার মণ্ডলের স্ত্রী।
হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুরে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সিসিইউ ভবনের সামনে অপেক্ষা করছিলেন আড়িছোন বেগম। এ সময় সুযোগ বুঝে মুন্নি তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, পরে চেইনটি তার সঙ্গে থাকা এক সহযোগীর কাছে দিয়ে দিলে ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে আড়িছোন বেগম চিৎকার করলে আশপাশে থাকা লোকজন ছুটে এসে অভিযুক্ত মুন্নিকে আটক করেন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাকে আনসার সদস্য ও কর্তব্যরত পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক মুন্নি টাঙ্গাইল সদর উপজেলার বগলা বাজার এলাকার মিজান মিয়ার মেয়ে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্তব্যরত পুলিশ জানায়, বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে আটক এবং ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




















