যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কৃষক লীগের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি মো. হুমায়ুন তালুকদার। তিনি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সুপ্তলা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মিজানপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। এরপর দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নম্বর-০৫, তারিখ ৮ জানুয়ারি ২০২৬। ওই মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক হুমায়ুন তালুকদারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত কার্যক্রম বেনাপোল পোর্ট থানা সম্পন্ন করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন তালুকদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাকে আটকের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।




















