যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে ঘিরে সৃষ্ট পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে আপোষ-মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষই সিদ্ধান্ত মেনে নিয়ে সভাস্থল ত্যাগ করেন।
তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাদ্রাসা ও অভিভাবক পক্ষের প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি জেলা পুলিশ সুপারের গাড়ির সামনে অবস্থান নেন। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়ার দাবি জানান।
পরে পুলিশ সদস্যরা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশ সুপারের গাড়ি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় কোনো সংঘর্ষ, ভাঙচুর, হতাহতের ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।




















