হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার (২৭ জুলাই) গভীর রাতে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর গ্রামের দলিল লেখক রিংকু রায়ের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১১টি গরু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার সূত্র ধরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ১১টি গরু মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পাশাপাশি গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় গরু চুরির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, রিংকু রায়ের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার বলেন, “আমি জানতে পেরেছি, ১১টি চোরাই গরু রিংকু রায়ের বাড়িতে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হোক।”
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গরু চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”




















