পাবনার সাঁথিয়া উপজেলায় জুমার নামাজকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপির ঘোষিত বিক্ষোভ মিছিলকে ঘিরে জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সাঁথিয়া পৌর এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জুমার নামাজে ইমামতি করতে চাইলে বিএনপি-সমর্থকদের আপত্তির মুখে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকেই বিষয়টি কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও কর্মসূচি চলতে থাকে।
মঙ্গলবার দুপুরে বিএনপি নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছেন এবং পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন।
এর প্রতিবাদে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় পাল্টা কর্মসূচি হিসেবে বিএনপি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। রাত পৌনে ৮টার দিকে পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হলে পাশের তিন রাস্তার মোড়ে জামায়াতের কিছু নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে স্থান ত্যাগ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনার কারণে কিছু সময়ের জন্য স্থানীয় বাজারের কয়েকটি দোকানও বন্ধ হয়ে যায়।
সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল এবং হামলার প্রস্তুতি নিয়েছিল। তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে বিএনপি শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান। তিনি বলেন, “হামলার কোনো পরিকল্পনা ছিল না। স্থানীয় কিছু কর্মী-সমর্থক বিএনপির রাতের মিছিলের বিরোধিতা করে সেখানে জড়ো হয়েছিল। পুলিশের অনুরোধে তারা শান্তিপূর্ণভাবে সরে যায়। অস্ত্র নিয়ে অবস্থান বা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “মিছিলকে কেন্দ্র করে তিন রাস্তার মোড়ের দুই পাশে দুই পক্ষ অবস্থান নিয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাঝখানে অবস্থান নেয় এবং উভয় পক্ষকে শান্ত করে। পরে বিএনপি সংক্ষিপ্ত মিছিল শেষে ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।”





















