দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে ভারত থেকে চার বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর-দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের সীমান্ত অতিক্রমে বাধা দেন। পরে তাদের শূন্যরেখায় অবস্থান করানো হয়।
পুশইনের শিকার চারজন হলেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার গণি মোল্লা (৩৫)। বিজিবি জানিয়েছে, গণি মোল্লা একজন প্রতিবন্ধী।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে তারা ভারতে যান। দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে প্রায় দুই মাস কারাভোগ করেন। কারামুক্তির পর শনিবার সকালে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
ঘটনার পর বিকেলে ৩১৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় বিএসএফ সদস্যরা ফিরে যান।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুরু থেকেই কূটনৈতিক ও সীমান্তরক্ষী বাহিনীর প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করছে। বিষয়টির সমাধানে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বর্তমানে চার বাংলাদেশি নাগরিককে সীমান্তের শূন্যরেখায় রাখা হয়েছে।



















